রাজনীতি এনসিপি

এনসিপির শীর্ষ পাঁচ নেতার কক্সবাজার সফর: রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে ভ্রমণ, এনসিপির কারণ দর্শানোর নোটিশ

প্রতিবেদকঃ নাজমুজ্জামান

প্রকাশ : ৬-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫২৫৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ | সময়: দুপুর ২:৪০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে কক্সবাজার সফরের জেরে এই নোটিশ ইস্যু করে দলটি।

আজ বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশপ্রাপ্ত নেতারা হলেন—

  • এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ

  • মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

  • মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ

  • মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম

  • জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা

চিঠিতে উল্লেখ করা হয়, “গতকাল ৫ আগস্ট রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন, যার তথ্য বা অনুমতি রাজনৈতিক পর্ষদের কাছে প্রদান করা হয়নি।”

নোটিশে আরও বলা হয়, “এ বিষয়ে আপনার সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট লিখিতভাবে ব্যাখ্যা দিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হচ্ছে।”

উল্লেখ্য, ৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বিজি-৪৩৩ ফ্লাইটে এনসিপির ওই পাঁচ নেতা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। খবরটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন শুরু হয়। কেউ কেউ দাবি করেন, তারা কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে গিয়েছেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতারা এক হোটেলের সামনে তাৎক্ষণিক বিক্ষোভও করেন। তবে বৈঠকের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এনসিপি নেতারা দাবি করেছেন, তারা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্দেশ্যে ভ্রমণে গিয়েছেন।