রাজনীতি নিষিদ্ধ আওয়ামিলীগ

চট্টগ্রামে পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন খারিজ

প্রতিবেদকঃ নাজমুজ্জামান

প্রকাশ : ২৪-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫২২২

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ করেছেন আদালত।


বৃহস্পতিবার (আজ) চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এই আদেশ দেন। শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে ব্যাপক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

সকাল সাড়ে ১১টার দিকে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

তিনি জানান, নিরাপত্তার স্বার্থে আদালতে আসা বিচারপ্রার্থীদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে।

ঢাকা থেকে আগত আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে একটি দল আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে তারা পুলিশি নিরাপত্তায় আদালত ত্যাগ করেন।

গত ২৬ নভেম্বর কৃষ্ণ দাসের জামিন আবেদন কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। ওইদিন সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন।

চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

বি.দ্র.: কমিশন আগামী তিন সপ্তাহের মধ্যে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেবে।