রাজনীতি নিষিদ্ধ আওয়ামিলীগ

গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন

প্রতিবেদকঃ নাজমুজ্জামান

প্রকাশ : ২৪-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫৩৪০

গোপালগঞ্জ সদর উপজেলায় ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভাকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংস ঘটনার তদন্তে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা . আবু তারিক।

কমিশনের সদস্যরা হলেন-

  • খন্দকার মো. মাহাবুবুর রহমান, অতিরিক্ত সচিব, জননিরাপত্তা বিভাগ

  • সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ

  • ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুর রহমান ওসমানী, কমান্ডার, ২১ পদাতিক ব্রিগেড

  • সরদার নূরুল আমিন, পরিচালক (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক), কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা

  • ড. সাজ্জাদ সিদ্দিকী, চেয়ারম্যান, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

ঘটনার পর গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই কমিশন গঠন করা হয়।

কমিশনের দায়িত্ব ও কার্যপরিধি নিম্নরূপঃ
(ক) সংঘটিত ঘটনার পেছনের প্রকৃত কারণ অনুসন্ধান করা
(খ) এনসিপির জনসভায় হামলার জন্য দায়ী ব্যক্তি বা সংগঠনকে চিহ্নিত করা
(গ) দায়ীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য সুপারিশ প্রদান
(ঘ) ঘটনার সময় জেলা কারাগার ও অন্যান্য সরকারি স্থাপনায় হামলা এবং নাগরিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয় বিশ্লেষণ করে মতামত প্রদান
(ঙ) ভবিষ্যতে এ ধরনের সহিংসতা রোধে করণীয় নির্ধারণে পরামর্শ দেওয়া

প্রয়োজনে কমিশন অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

কমিশনকে প্রয়োজনীয় প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এ ছাড়া, কমিশনের কার্যক্রম পরিচালনায় প্রয়োজন হলে সরকার যে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দিতে পারবে।

তদন্ত কমিশন আগামী তিন সপ্তাহের মধ্যে তাদের সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দাখিল করবে।