রাজনীতি নিষিদ্ধ আওয়ামিলীগ

‘গুলি করি মরে একটা, বাকিগুলা যায় না স্যার’— ভাইরাল হওয়া সেই ডিসি ইকবাল সাময়িক বরখাস্ত

প্রতিবেদকঃ নাজমুজ্জামান

প্রকাশ : ২৩-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫৩৩৯

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। তিনি গণ-অভ্যুত্থানের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের ডিসি হিসেবে দায়িত্বে ছিলেন। সে সময় আন্দোলন দমনে পুলিশের একটি অভিযানের ভিডিওতে তার মন্তব্য ভাইরাল হয়।

বুধবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, মোহাম্মদ ইকবাল হোসাইন ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বর্তমানে তিনি খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী এটি পলায়নের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ। তাই অনুপস্থিতির তারিখ থেকেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা পাবেন।

উল্লেখ্য, গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে ডিসি ইকবালের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ডিসি ইকবাল বলছেন, “গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিগুলা যায় না। এইটা স্যার সবচেয়ে বড় আতঙ্কের জায়গা।

পুলিশের গুলি করেও আন্দোলনকারীদের থামানো যাচ্ছে নাএমন অভিযোগও করেন তিনি। ভিডিওতে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী তা মনোযোগ সহকারে শুনছেন, তবে তার মুখে কোনো প্রতিক্রিয়া ছিল না। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা সমালোচনার জন্ম দেয়।

প্রসঙ্গত, শুধু ইকবাল হোসাইনই নন, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পর্যন্ত প্রায় ২৫ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।