রাজনীতি নিষিদ্ধ আওয়ামিলীগ

মৃত ঘোষণা দিয়ে বিভ্রান্তি: জীবিত অবস্থায় ‘নিহত রমজান কাজী’ হিসেবে প্রচার

প্রতিবেদকঃ নাজমুজ্জামান

প্রকাশ : ১৯-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫৩৬৭

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে ঘিরে সহিংসতায় চারজন নিহত হওয়ার ঘটনায় একটি চাঞ্চল্যকর ভুল ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। নিহতদের তালিকায় থাকা ‘রমজান কাজী’ নামে প্রচারিত একজন ব্যক্তি নিজেই দাবি করেছেন, তিনি জীবিত ও সম্পূর্ণ সুস্থ।

বৃহস্পতিবার সিরাজগঞ্জের কামারখন্দ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জুলকার নাইম (ডাকনাম হৃদয়) বলেন, “আমি জীবিত, সুস্থ এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। অথচ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে আমাকে ‘রমজান কাজী’ নামে নিহত ছাত্রলীগ কর্মী হিসেবে প্রচার করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর।”

জুলকার নাইমের বাবা আলী আক্কাস সরকারও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “আমার ছেলে বাড়িতেই আছে। অথচ গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের তালিকায় তার ছবি ও ভুয়া পরিচয় দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যা মেনে নেওয়া যায় না।”

ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি ও তার পরিবার সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক ও বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার গোপালগঞ্জে সহিংসতায় চারজন নিহত হন। তাদের মধ্যে কোটালীপাড়ার রমজান কাজী, গোপালগঞ্জ শহরের দীপ্ত সাহা, টুঙ্গিপাড়ার সোহেল রানা এবং সদর উপজেলার ইমন তালুকদারের নাম প্রচার করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীরা। কিন্তু ‘রমজান কাজী’ নামে যাকে নিহত বলা হচ্ছে, তিনি আদতে জুলকার নাইম—যিনি জীবিত ও নিরাপদে নিজ বাড়িতে আছেন।