নিউ ইয়র্কের ওয়েস্টবেরি এলাকার ‘নাসাউ ওপেন এমআরআই’ চিকিৎসাকেন্দ্রে এক মর্মান্তিক দুর্ঘটনায় ৬১ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গত বুধবার (১৬ জুলাই) বিকেলে তিনি এমআরআই কক্ষের ভেতরে প্রবেশের সময় গলায় বড় ধাতব চেইন পরিহিত ছিলেন। সক্রিয় এমআরআই মেশিনের শক্তিশালী চুম্বকক্ষেত্র সেই চেইনটিকে আকর্ষণ করে তাকে হঠাৎ টেনে নেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় পুলিশের তথ্যমতে, ওই ব্যক্তি অনুমতি ছাড়াই সক্রিয় এমআরআই মেশিনের কাছে চলে গিয়েছিলেন। এমআরআই মেশিনের চুম্বকীয় শক্তি এতটাই তীব্র যে, ধাতব বস্তু মুহূর্তের মধ্যে ক্ষিপ্রগতির বস্তুতে পরিণত হয়, যা মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। আহত অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এমআরআই ব্যবহারের নিয়ম অনুযায়ী, রোগী কিংবা অন্য কেউ এই কক্ষে প্রবেশের আগে শরীরে ও পোশাকে কোনো ধাতব বস্তু রয়েছে কিনা তা নিশ্চিত করতে হয়। এজন্য অনেক সময় পোশাকও পরিবর্তন করানো হয়। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) নির্দেশনা দিয়েছে, এমআরআই কক্ষে ঢোকার আগে প্রতিটি ব্যক্তি ও তাদের সঙ্গে থাকা সব বস্তু যথাযথভাবে পরীক্ষা করে দেখতে হবে।