রাশিয়ায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রায় ৫০ জন নিহত হয়েছেন। বিমানে থাকা কেউই জীবিত নেই বলে জানা গেছে। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের পরিচালিত উড়োজাহাজটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাচ্ছিল। গন্তব্যে পৌঁছানোর কিছুক্ষণ আগেই এর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে, বিমানটি গন্তব্য থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে খারাপ আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি কিংবা যোগাযোগ ব্যবস্থার ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, প্রায় ৫০ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া রুশ উড়োজাহাজটির ধ্বংসাবশেষ আমুর অঞ্চলে পাওয়া গেছে। জানা গেছে, উড়োজাহাজটির কাঠামোতে আগুন ধরে গিয়েছিল। তবে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ পায়নি।
রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি চীনের সীমান্তবর্তী টিন্ডা শহরের কাছাকাছি পৌঁছানোর আগেই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
আঞ্চলিক গভর্নর ভাসিলি অরলভ জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী উড়োজাহাজটিতে পাঁচ শিশু সহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। তবে মন্ত্রণালয়ের মতে, আরোহীর সংখ্যা কিছুটা কম হতে পারে, প্রায় ৪০ জন।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে বিধ্বস্ত এই উড়োজাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।