রাজনীতি এনসিপি

‘শেকড় অনেক গভীরে’: চাঁদাবাজির ঘটনায় সাবেক মুখপাত্র উমামা ফাতেমার মন্তব্য

প্রতিবেদকঃ নাজমুজ্জামান

প্রকাশ : ২৭-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১৮৪

রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করলেন সংগঠনটির সাবেক মুখপাত্র।


রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন প্ল্যাটফর্মটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।

আজ রোববার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে উমামা লিখেছেন, “চাঁদাবাজির ঘটনায় সবাই এতটা অবাক হচ্ছেন দেখে মনে হচ্ছে আমি-ই যেন সবচেয়ে কম বিস্মিত। আসলে যারা অন্তর থেকে এই সংগঠনটির সঙ্গে ছিলেন, তারা জানেন—এই প্ল্যাটফর্ম অনেক আগেই নষ্ট হয়ে গেছে।”

তিনি বলেন, “এই ছেলেগুলোকে দীর্ঘদিন ধরে বিভিন্ন নেতার প্রটোকল দিতে দেখা গেছে। সচিবালয় থেকে শুরু করে মিছিল-মিটিং, এমনকি মারামারিতেও তারা সক্রিয় ছিল। তাদের বিরুদ্ধে গুলশান-বনানীর ‘গ্যাং কালচার’-এর মতো আচরণের অনেক অভিযোগ ছিল, যা অভ্যন্তরীণভাবে জানা-শোনা যেত।”

উমামা ফাতেমা তার পোস্টে আরও জানান, অভিযুক্তদের মধ্যে রিয়াদ নামের এক যুবক গত ডিসেম্বর মাসে রূপায়ন টাওয়ারে তার সঙ্গে অত্যন্ত উচ্ছৃঙ্খল আচরণ করেছিল। বিষয়টি নিয়ে অনুসন্ধান করলে তিনি জানতে পারেন, রিয়াদের বিরুদ্ধে হুমকি, মারধর এবং চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।

পোস্টে উমামা লিখেছেন, “এই ছেলেগুলো দীর্ঘদিন ধরে সংগঠনের নামে অনিয়ন্ত্রিতভাবে চলাফেরা করেছে। কেউ কোনো দুর্নীতির অভিযোগ তুললে উত্তর হতো নীরবতা। এখন যখন তাদের পুলিশ ধরেছে, সবাই এমন প্রতিক্রিয়া দিচ্ছে যেন ঘটনা একেবারে নতুন। বাস্তবতা হচ্ছে—তারা আগেও অনেক কিছু করেছে, এই প্রথম ধরা পড়েছে মাত্র।”

তিনি আরও বলেন, “যদি সঠিকভাবে তদন্ত হয়, দেখা যাবে—এদের শেকড় অনেক গভীরে।”