বাংলাদেশ আইন

৫ আগস্ট উপস্থাপিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’: সরকার

প্রতিবেদকঃ নাজমুজ্জামান

প্রকাশ : ২-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫২৫০

সকল পক্ষের উপস্থিতিতে ঐতিহাসিক দলিল উন্মোচনের প্রস্তুতি। অন্তর্বর্তী সরকার চূড়ান্ত করেছে ২৬ দফার ঘোষণাপত্র; জাতির কাঠামোগত সংস্কারের রূপরেখা প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ ২ আগস্ট:
আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে উপস্থাপন করা হবে বহুল আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’। শনিবার (২ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। ঘোষণাপত্রটি রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যকে কেন্দ্র করে প্রস্তুত করা হয়েছে। এটি একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরকারের পক্ষ থেকে জানা গেছে, এই ঘোষণাপত্রে ২৬ দফা অন্তর্ভুক্ত করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে প্রণীত এই দলিল গোপনীয়তার সঙ্গে তৈরি করা হয়েছে যাতে কোনো বিতর্ক তৈরি না হয়।

ঘোষণাপত্রের খসড়ায় উল্লেখ রয়েছে, এই অভ্যুত্থান মূলত ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত। এতে ১৫ বছর ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকা ও সংগ্রামকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এছাড়া বিএনপির মতামতের ভিত্তিতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এবং ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের পঞ্চম সংবিধান সংশোধনীকেও দলিলে স্বীকৃতি দেওয়া হয়েছে।

চূড়ান্ত ঘোষণাপত্রটি এরইমধ্যে তিনটি প্রধান রাজনৈতিক দল — বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে পাঠানো হয়েছে মতামতের জন্য।

সরকারি সূত্র জানিয়েছে, ঘোষণাপত্রটি উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঘোষণাপত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পূর্ণ পাঠ শিগগিরই প্রকাশ করা হবে।


সংবাদদাতা: অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ আগস্ট |