আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নতুন জনবল নিয়োগের আশ্বাস; সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি মোকাবিলায় প্রস্তুত নির্বাচন কমিশন
আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। শনিবার (৯ আগস্ট) বিকেলে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সিইসি জানান, নির্বাচন প্রক্রিয়ায় বিগত সময়ে জড়িত ব্যক্তিদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন জনবল যুক্ত করা হবে। জাতির কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষার লক্ষ্যেই কাজ করছে ইসি।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা মোকাবিলায় কাজ করছে কমিশন। আগামী নির্বাচনে কারও পক্ষে বা বিপক্ষে নয়, বরং ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে নির্বাচন কমিশন। তার মতে, ভোট দেওয়া শুধু নাগরিক দায়িত্বই নয়, বরং একটি ঈমানি দায়িত্বও।