প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন জানিয়েছেন, তার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই; তিনি দেশের কল্যাণে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চান।
শুক্রবার যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, “জীবনের শেষ প্রান্তে এসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি। এ দায়িত্ব পালনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে জনগণের হারানো আস্থা পুনরুদ্ধার করতে চাই। তবে এটি এককভাবে সম্ভব নয়, তাই দেশবাসীর সহযোগিতা ও দোয়া প্রয়োজন।”
তিনি আরও বলেন, “দেশের ভবিষ্যৎ সুন্দর করতে হলে গণতান্ত্রিক চর্চাকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে হবে। এজন্য অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা জরুরি। নির্বাচন কমিশন সেই লক্ষ্যেই কাজ করছে।”
খুলনায় যাওয়ার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তিনি কালেক্টরেট মসজিদে জুমার নামাজ আদায় করেন। এ সময় যশোরের জেলা প্রশাসক (ডিসি) আজাহারুল ইসলাম তার সঙ্গে ছিলেন।
জুমার নামাজ শেষে ঢাকার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে সিইসি অংশ নেন।