বাংলাদেশ আইন

নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদকঃ নাজমুজ্জামান

প্রকাশ : ২৬-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫২৪৬

নির্বাচনের পূর্বে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জ পুলিশ লাইনস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সারাদেশে এখনও কিছু অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি। তবে নির্বাচন সামনে রেখে তা দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করার লক্ষ্যে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

সাংবাদিকদের স্বাধীনভাবে সত্য প্রকাশে উৎসাহ দিয়ে উপদেষ্টা বলেন, “সত্য সংবাদ বিভ্রান্তি দূর করবে। আমরা চাই, সব তথ্য নিরপেক্ষভাবে সামনে আসুক। রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে থাকুক, আর আমাদের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা।”

গণঅভ্যুত্থান মামলা ও তদন্ত প্রসঙ্গে
জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান সম্পর্কিত মামলাগুলোর তদন্ত অগ্রগতির মধ্যে রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তবে উদ্দেশ্যমূলকভাবে অনেককে আসামি করায় কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা নিশ্চিত করতে চাই যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন।”

ভারত থেকে পুশইন ও রোহিঙ্গা ফেরত প্রসঙ্গ
এর আগে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় র‍্যাব-১১ সদর দপ্তর পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গত এক মাসে ভারত থেকে প্রায় ১৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে এই সংখ্যা কিছুটা কমেছে।”

তিনি আরও বলেন, “আমাদের নাগরিক হলে, ১০ বা ২০ বছর পর হলেও, নিতে হবে। তবে যেভাবে রোহিঙ্গাদের পুশইন করা হচ্ছে, তা বাংলাদেশ সরকার গ্রহণ করছে না। তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, ভারত অনেক সময় নিয়ম না মেনে নদী পার ও জঙ্গলে মানুষ ফেলে যাচ্ছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং ইতিবাচক প্রতিক্রিয়া মিলছে বলেও জানান তিনি।

মোহাম্মদপুর ছিনতাই তদন্তে অগ্রগতি
মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, “ফোন উদ্ধার করা হয়েছে, তদন্ত টিম কাজ করছে। দোষীদের কোনো ছাড় দেওয়া হবে না। কেউ অবহেলা করলে তাকেও আইনের আওতায় আনা হবে।”

উপস্থিত কর্মকর্তাগণ
এই সময় র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, তারেক আল মেহেদী, ও ইসরাত জাহানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।