বাংলাদেশ বিমান ক্রয়

যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কিনছে সরকার

প্রতিবেদকঃ নাজমুজ্জামান

প্রকাশ : ২৭-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫৩২৩

বাণিজ্য সচিব জানালেন—ইতোমধ্যে অর্ডার দেওয়া হয়েছে; শুল্ক বাড়ানো নিয়ে উদ্বেগ


বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি উন্নতমানের উড়োজাহাজ ক্রয়ের জন্য অর্ডার দিয়েছে। রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

তিনি বলেন, “আমরা বোয়িং কোম্পানির কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছি। যেমন করে ভারত, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া দিয়েছে—প্রতিটি দেশই ১০০টি করে অর্ডার দিয়েছে। তবে বোয়িং কোম্পানি সরবরাহ করবে তাদের উৎপাদন সক্ষমতা অনুযায়ী, তাই এতে কিছুটা সময় লাগবে।”

এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩৪ জন নিহত হওয়ার ঘটনা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক নিয়ে শঙ্কা

আলোচনায় বাণিজ্য সচিব আরও জানান, বাংলাদেশের রপ্তানিপণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে। তিনি বলেন, “এই সময়ের মধ্যে যদি কোনও সমঝোতা না হয়, তাহলে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করবে।”

তিনি সতর্ক করে বলেন, “এ ধরনের শুল্ক কার্যকর হলে তৈরি পোশাক খাতসহ দেশের রপ্তানি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে।”